জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো ১২ দিনব্যাপী মাদারীপুর উৎসব-২০২৩। মাদারীপুরের শিবচরের হাতির বাগান মাঠে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, বেগম নাহিদ ইজাহার খান এমপি, বেগম খাদিজাতুল আলম এমপি।
মাদারীপুরের সৎ ও সুযোগ্য জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম(বার), পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মনিরুজ্জামান ফকির পিপিএম, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার ভূমি মো. রিয়াজুর রহমান, শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অনেকেই।
জানা গেছে, মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করার লক্ষ্যে ২০ জানুয়ারি থেকে ১২ দিনব্যাপী ‘মাদারীপুর উৎসব-২০২৩’ আয়োজন করে জেলা প্রশাসন। ২০ জানুয়ারি জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ মাদারীপুরের উদ্বোধন, মাদারীপুর উৎসব-২০২৩ এর উদ্বোধন, মাদারীপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ উদ্বোধন, চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন চিত্রকর্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। ২১ জানুয়ারি জেলা প্রশাসক গোল্ডকাপ আর্ন্তজাতিক দাবা টুর্নামেন্ট, আচমত আলী খান গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট, জেলা প্রশাসক জাতীয় লন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২২ জানুয়ারি কালকিনিতে উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক ডা. জোহরা কাজী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট, রাজৈর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘প্রজন্মকে জানি’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৩ জানুয়ারি রাজৈরে বালিকাদের শহীদ সরোয়ার হোসেন বাচ্চু হ্যান্ডবল টুর্নামেন্ট, মাদারীপুর সদরে ইলা মজুমদার গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট, আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৪ জানুয়ারি মাদারীপুর মোস্তফাপুর গোল চত্ত্বর থেকে শকুনী লেক পর্যন্ত ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা মিনি ম্যারাথন, শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ জানুয়ারি শিবচরে কবিতা উৎসব, ডাসারে সুনীল গঙ্গোপাধ্যায় গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৭ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি জেলার সকল উপজেলায় ‘পিঠা উৎসব’ ও সন্ধ্যায় আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৮ জানুয়ারি কালকিনিতে কৃষক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৯ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমিতে সাহিত্য সম্মেলন ও আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩০ জানুয়ারি জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্কাউটস সম্মেলন ও আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর শেষ দিন মঙ্গলবার দুপুরে শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে স্মার্ট শিবচর উদ্বোধন, এফ আর খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার উদ্বোধন এবং রাতে হাতির বাগান মাঠে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
