শিশুপুত্রকে বাবার বাড়ি রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩

বাবার বাড়িতে দুই বছরের শিশুপুত্রকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। তার আগে মুঠোফোনে কল দিয়ে নিজের বাবার কাছে ছেলেকে দেখে রাখার আকুতি জানান তিনি। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অভয়নগর উপজেলার রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রেলক্রসিয়ে এ ঘটনা ঘটে। 

নিহত সাথী বেগম (২৫) উপজেলার বাঘুটিয়া গ্রামের রকি শেখের স্ত্রী। তিনি ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন কলোনির মহিরুল ইসলাম বাবলুর মেয়ে।
 
নিহতের পিতা মহিরুল ইসলাম বাবলু জানান, সাথী সকালে বাবার বাড়ি আসে। ছেলে আলিফকে (২) আমাদের কাছে রেখে রাজঘাট বাজার এলাকায় যাওয়ার কথা বলে। বেলা ১১টায় তার মোবাইল থেকে আমাকে মুঠোফোনে জানায় আমার বাচ্চাকে দেখে রেখো। এরপর থেকে ঐ মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। দুপুর ১২টায় জানতে পারি বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। জামাই রকি শেখ বেশ কিছুদিন তাকে মারধর ও খারাপ ব্যবহার করে আসছিল বলে তিনি অভিযোগ করেন।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইন থেকে লাশের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়েছে। 

যশোর রেল পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/পিও