প্রকাশনা-প্রদর্শনী ও কনসার্ট নিয়ে ফেব্রুয়ারি জুড়ে আইয়ুব বাচ্চু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৪

আগামী ১১ই ফেব্রুয়ারি আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স (আগ্রাবাদ) হোটেলে প্রদর্শিত হতে যাচ্ছে রক আইকন আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত গিটার ও অন্যান্য স্মৃতিস্মারক। প্রদর্শনীটি সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

একইসাথে আইয়ুব বাচ্চু’র শহর চট্টগ্রামের মিউজিশিয়ানদের অংশগ্রহণে ব্যান্ডকনসার্টও অনুষ্ঠিত হবে।

এছাড়া এরই  ভেতরে আইয়ুব বাচ্চুকে নিয়ে দুটি প্রকাশনা বের হয়েছে। অনিন্দ্য প্রকাশ গতবছর বের করে আইয়ুব বাচ্চু’কে নিয়ে ‘স্মৃতিদহন’। অন্যদিকে এবছর আজব প্রকাশ থেকে বের হয়েছে জয় শাহরিয়ারের সম্পাদনায় ‘রুপালি গিটার’।

তাই কিংবদন্তীর মৃত্যুর পরেও নানান স্মৃতি মুখরতায় স্মরণ করা হচ্ছে এই রক আইকনকে।

উল্লেখ্য, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল প্লাটফর্মে গান সংরক্ষণের পাশাপাশি একাধিক ইভেন্টের পরিকল্পনা রয়েছে।

অতিসমপ্রতি আইয়ুব বাচ্চুর গীটারের প্রথম অফিশিয়াল প্রদর্শনীটি ‘হারানো বিকেলের গল্প’ শিরোনামে ঢাকার সফিউদ্দীন শিল্পালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়। কিংবদন্তীর প্রয়াণের পরে সীমিত আকারে এটাই ছিল প্রথম কোন প্রদর্শনী।

তবে ঢাকায় এ ধরণের প্রদর্শনীর পর অনেকেই অনুরোধ করেছিলেন একই ধরণের উদ্যোগ আইয়ুব বাচ্চুর শহর চট্টগ্রামেও আয়োজন করা হোক। এ প্রসঙ্গে এলআরবি’র গিটারিস্ট ও এবি ফাউন্ডেশনের অন্যতম সদস্য আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘ অনেকেই আমাদের অনুরোধ করেছিলেন যেন আইয়ুব বাচ্চুর গীটার গুলি তাঁর নিজের শহরে আরেকবার ফিরে আসে। আমরা আপনাদের সেই অনুরোধে রাখার চেষ্টা করেছি আমরা এ ধরণের উদ্যোগের ভেতর দিয়ে আইয়ুব বাচ্চুর ভক্তদের সাথে একটা সংযোগ রাখারই ব্যবস্থা করছি মূলত।’

উল্লেখ্য, বাংলাদেশে রক আইকন আইয়ুব বাচ্চুকে নিয়েই প্রথম রাষ্ট্রীয়ভাবে তার মেধাস্বত্ত্ব সংগ্রহ ও অফিসিয়াল ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেয়া হয়।

তবে আগামীতে আইয়ুব বাচ্চু ট্রিবিউট কনসার্টেও আয়োজনের দাবী অনেকেরই। সেই প্রস্তুতিতে স্পন্সর, ব্যবস্থাপনার কাজ করছে এবি ফাউন্ডেশন।

আইয়ুব বাচ্চু ও এলআরবি’র অফিশিয়াল পেজ থেকে শুরু করে যাবতীয় আর্ট ওয়ার্ক ও শিল্প নির্দেশনার কাজ করে থাকেন এবির খুবই ঘনিষ্ঠ গীতিকবি নিয়াজ আহমেদ অংশু। এবি ফাউন্ডেশনের তিনিও অন্যতম এক সদস্য। অংশু বলেন, ‘চট্টগ্রামে এ ধরনের আয়োজন সত্যিই আইয়ুব বাচ্চু ভক্তদের জন্য আনন্দের। এভাবেই তার গানে, গিটারে বিভিন্নভাবে আমরা তাকে স্মরণ করবো। আমি মনে করি কোটি বাঙালির ভেতরে আইয়ুব বাচ্চুর গান যে নিবিষ্ট হয়ে আছে। সেই ভালবাসাই শিল্পীকে বাঁচিয়ে রাখবে।’ চট্টগ্রামের অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের চেয়ারম্যান আইয়ুব বাচ্চু’র স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

ইত্তেফাক/ইআ