একটা স্টেডিয়ামের আক্ষেপ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩০

দেশের ফুটবলের এখন এমনই অবস্থা যে, একমাত্র কমলাপুর স্টেডিয়াম নির্ভর হয়ে গেছে। ভালো মানের স্টেডিয়াম না থাকার আক্ষেপে পুড়ছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। কমলাপুর স্টেডিয়ামেই সারা দিন খেলা হয়। বেশি বেশি ম্যাচ হলেও এ মাঠেই খেলতে হয়। বিকল্প কোনো স্টেডিয়াম নেই। এর মধ্যে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ নিয়েও প্রশ্ন উঠেছে। ভুটান, নেপাল আপত্তি তুললেও ভুটান সব হেরে বিদায় নিয়েছে। আর নেপাল টার্ফ নিয়ে কথা বললেও তারাই ফাইনাল খেলছে। তাহলে টার্ফ কেন খারাপ বলছে এই নিয়ে ফুটবল অঙ্গনেও প্রশ্ন।

বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন গতকাল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা দেখতে গিয়েছিলেন। সালাহউদ্দিন সাফেরও সভাপতি। সালাহউদ্দিন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিয়ে প্রেসবক্সে গিয়েছিলেন। তাকে পেয়ে সংবাদমাধ্যম ঘিরে ধরে। মাঠ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি। সালাহউদ্দিন বলেন, ‘এখানে খেলা না হলে খেলাই বন্ধ করে দিতে হয়। আপনারা কি চান খেলাটাই বন্ধ হয়ে যাক।’

কমলাপুর স্টেডিয়ামের টার্ফ নিয়ে প্রশ্ন উঠলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়েই বুঝানোর চেষ্টা করেছেন যে, কমলাপুর মাঠ ছাড়া তার হাতে বিকল্প নেই। সালাহউদ্দিন বলেন, ‘আমি প্রায় ২০ বছর ফুটবল খেলেছি। আমার ফুটবল ব্যাকগ্রাউন্ড। আমি খেলা বন্ধ করে দিতে পারি না। আপনারা বলুন আমি খেলাটা চালাব কি না।’ বিকল্প ভেন্যুর কথা উঠেছিল ঢাকার বাইরে খেলা আয়োজন করা যায় কি না। সালাহউদ্দিন বলেছেন, ‘সম্ভব না।’ বসুন্ধরা কিংসের মাঠে খেলা আয়োজন করা যায় কি না—সেই প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘কিংসের স্টেডিয়াম প্রস্তুত না।’

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করা হচ্ছে। কবে খেলা শুরু করা যাবে তারও কোনো ঠিক নেই। তাই বলে ফুটবল বন্ধ রাখাও যাবে না। করোনার কঠিন সময় বাফুফের সভাপতি ক্লাবের খেলা মাঠে ছেড়ে দিয়েছিলেন। খেলা বন্ধ থাকলেও খেলোয়াড়রা ধ্বংস হয়ে যাবে। তারা অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন। ইউরোপে জুড়ে তখন খেলা শুরু হয়ে গেছে। আর বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ক্লাব ফুটবল মাঠে গড়ানোর জন্য ক্লাবগুলোর সঙ্গে যুদ্ধ করছিলেন। নানা বেড়াজাল ছিঁড়ে শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছিল লিগ। খেলা বন্ধ থাকলে ফুটবলের ক্ষতি হবে। মাঠে যেমনই হোক খেলাটা নিয়মিত হোক। এই মন্ত্র বিশ্বাস করে মাঠে ফুটবল রাখতে চান বাফুফে সভাপতি। উয়েফার অর্থ সহযোগিতায় সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল হবে মার্চে। সেই খেলাটা কোথায় হবে তা নিয়ে প্রশ্ন উঠলে সালাহউদ্দিন জানিয়েছেন কমলাপুরেই হবে। কমলাপুর স্টেডিয়াম এএফসি অনুমোদন দিচ্ছে বলেই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ হয়ে গেল। 

ইত্তেফাক/জেডএইচ