খেলার মাঠে মা আর ছেলের ভালোবাসার কাব্য লেখা হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপে। স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি মাঠেই তার মায়ের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন। হাকিমি ও তার মায়ের সেই উদযাপন দৃশ্য সারা দুনিয়াকে অভিভূত করেছিল। মাস দুয়েক না পেরোতেই খেলার মাঠে আবারও মা ও ছেলের মধুর ভালোবাসার কাব্য রচিত হলো।
এবারের অধ্যায়টা লিখলেন ভারতীয় ক্রিকেটার শ্রীকর ভরত ও তার মা। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টে ভারতের হয়ে দুজনের টেস্ট অভিষেক হয়েছে। সূর্যকুমার যাদব ও শ্রীকর ভরতের। এর মধ্যে শ্রীকর ভারতের আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথম অভিষেক হলো। ছেলে প্রথম বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের রঙিন মঞ্চ মাতাতে যাচ্ছে, এই আনন্দে ছেলেকে অভিনন্দন জানাতে মাঠেই ছুটে আসেন ভরতের মা। টেস্ট শুরুর আগে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠেই ছেলেকে জড়িয়ে ধরে গালে ভালোবাসার চুমু এঁকে দেন মা।
মায়ের এই চুম্বন আশীর্বাদের আগেও বড় একটা আশীর্বাদ পেয়েছেন ভরত। সুস্থ থাকলে নিশ্চিতভাবেই ভারতের উইকেটকিপারের দায়িত্বে থাকতেন রিষভ পান্ত। কিন্তু ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ায় তিনি এখন সেরে ওঠার যুদ্ধ করছেন। তার ঐ দুর্ভাগ্যই মা-ভক্ত ভরতের জন্য খুলে দিয়েছে সৌভাগ্যের দুয়ার।
