কাশিমপুর কারাগারে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৫

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টা ১ মিনিটে কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করে।

দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম (৪১) নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর এলাকার চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে মামী ও কাজের মেয়েকে হত্যা মামলায় আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলামের ফাঁসি কার্যকর করা হয়েছে। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ফাঁসি কার্যকর করার সময় গাজীপুরের সিভিল সার্জন মো খায়রুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) হুমায়ুন কবির, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজওয়ান আহামেদ ও গাজীপুর সদর জোনের সহকারী কমিশনার ফাহিম আহামেদ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসকে