বাস দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের পাশে যশোর জেলা ছাত্রলীগ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৫

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় যশোরের একটি পিকনিক বাস দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বাস উল্টে দুইজন নিহত ও ৪০ জন আহত হন। এ ঘটনায় হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীদের রক্তদানসহ অন্যান্য সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে যশোর জেলা ছাত্রলীগ। 

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, ‘আহত শিক্ষার্থীদের জন্য রক্ত সংগ্রহসহ অন্যান্য সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। আহত শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের অনেক সদস্য রক্ত দিয়েছেন। এছাড়া রক্ত সংগ্রহ করছে।’

দুর্ঘটনায় আহত ও নিহতরা যশোরের বাঘারপাড়া বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আহতের গোপালগঞ্জের কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্সে, ফরিদপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতরা হলেন-বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাস ও বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক বিদুৎ কুমার বিশ্বাস।

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে ৩টি বাসে করে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পিকনিকে যায় দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। সন্ধ্যার পরে সমাধিস্থল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাস তিনটি ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানি বাটিয়াপাড়া মোড়ে দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে ওভারটেক করতে গিয়ে দ্বিতীয় বাসটি দুর্ঘটনায় পড়ে। মেইন সড়ক থেকে বাসটি উল্টে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দ্বিতীয় বাসটির মধ্যে থাকা অভিভাবক সদস্য বিদুৎ কুমার বিশ্বাস ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত হয় বাসটিতে থাকা আরও ৪০ জন শিক্ষার্থী-শিক্ষকরা। আহতের মধ্যে বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাসকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। 

যশোর জেনারেল হাসাপাতারের ডা. আখতারুজ্জামান বলেন, ‘যশোর জেনারেল হাসপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়। বাকি আর একজন ঘটনাস্থলেই মারা গেছেন। ১৫ জন আহতের মধ্যে ৩ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর।’

ইত্তেফাক/এএএম