চট্টগ্রামে দেশীয় পণ্যসামগ্রী নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফাল্গুন মেলা ‘বৈঠক’। গতকাল বৃহস্পতিবার সকালে মেলা উদ্বোধন হয়। প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। গত বছর এপ্রিল মাসে প্রথম বারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছিলেন দেশীয় পণ্য নিয়ে কাজ করা চট্টগ্রামের কয়েক জন নারী উদ্যোক্তা। এ বছর তারা পহেলা ফাল্গুনকে সামনে রেখে এই আয়োজন করেছেন।
কোন রেস্টুরেন্ট বা কনভেনশন সেন্টারে নয়; তারা এই মেলার আয়োজন করেছেন নিজেদের বাসায়, শেখ রেসিডেন্স দক্ষিণ খুলশি, জাকির হোসের রোড, কুপার্স গলি ও খুলশি থানার বিপরীতে। মেলায় পোশাক নিয়ে আছে ‘মৌরিতা’, গহনা নিয়ে আছে ‘মাদুর’, বিভিন্ন নান্দনিক গিফট আইটেম নিয়ে আছে ‘বিচিত্রা’। এছাড়া থাকবে বিভিন্ন দেশীয় খাবার।
আয়োজকদের ভাষ্যমতে, তারা সবাই অনলাইন মাধ্যমে ব্যবসা করছেন, তাই ক্রেতাদের সঙ্গে তাদের সরাসরি কথা হওয়ার সুযোগ হয় না। ক্রেতাদেরও শুধু ছবি দেখেই সিদ্ধান্ত নিতে হয়। তাই তাদের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাতের জন্য এই আয়োজন। এই দেখা সাক্ষাত পর্বটা তারা ঘরোয়া আমেজে করতে চেয়েছেন। এতে একটা আন্তরিকতা থাকবে যেটা প্রচলিত মেলাতে সম্ভব নয়। তাছাড়া শুধু দেশীয় পণ্য নিয়ে কোন মেলা হয়নি চট্টগ্রামে। এখানে অতিথি আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। নাস্তায় স্থান পেয়েছে বিখ্যাত গনি বেকারির বেলা বিস্কুট। আয়োজকরা বলেন, যে কোন উৎসব ও আনুষ্ঠানিকতায় আমাদের দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে। এভাবেই হবে আমাদের ঐতিহ্যের প্রচার ও প্রসার।
