উপস্থিত থাকবেন শেখ হাসিনা

বিভাগীয় মহাসমাবেশ করবে আওয়ামী লীগ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভাগীয় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আগামী ১১ মার্চ ময়মনসিংহ ও ১৮ মার্চ বরিশালে বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নৌকায় ভোট চাইবেন এবং দেশের উন্নয়নে সরকারের সফলতা জনগণের সামনে তুলে ধরবেন। ময়মনসিংহ ও বরিশালে দুই বিভাগীয় মহাসমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটানোর টার্গেট নেওয়া হয়েছে।

গত ২৪ নভেম্বর যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মাধ্যমে দ্বাদশ নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে, ৭ ডিসেম্বর কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এবং ২৯ জানুয়ারি রাজশাহীতে দলীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। জানা গেছে, নির্বাচন সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে একাধিক জরিপ পরিচালনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। এখনো জরিপ চলমান আছে। এর বাইরে সরকারের বিভিন্ন সংস্থাও প্রধানমন্ত্রীকে হালনাগাদ তথ্য সরবরাহ করে থাকে। এসব জরিপে জনপ্রিয়তায় কে এগিয়ে, তাদের অতীত ও বর্তমান এবং দুর্বল দিক—সবই থাকছে।  গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী জাতীয় নির্বাচন বেশ কঠিন হবে। ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই। এই নির্বাচনে নানা ধরনের ষড়যন্ত্র হবে, নানা অপপ্রচার চালানোর চেষ্টা করা হবে। এসব বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের যেসব উন্নয়ন আছে সেসব ব্যাপকভাবে প্রচারণা চালানোর নির্দেশনা দেন তিনি।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের মাঠে রেখে চাঙা করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে অন্যতম হলো বিভাগীয় মহাসমাবেশ। এখন থেকে শুরু করে আগামী নির্বাচন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও জনসমাবেশের মধ্য দিয়ে মাঠে থাকবেন নেতাকর্মী। মহাসমাবেশগুলোতে দলের সভাপতি শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এতে করে তৃণমূল নেতাকর্মীরা দল ও সরকার প্রধানকে খুব কাছে থেকে দেখবেন এবং দলীয় নির্দেশনা শুনে কাজ করবেন। এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তৃণমূলে বিভিন্ন সমাবেশের মাধ্যমে কোন্দল ও গ্রুপিং সহজে নিরসন করতে পারবেন এবং সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘নির্বাচন সামনে রেখে ১১ মার্চ ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগ সমাবেশ করবে। সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।’ এখন পর্যন্ত ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সমাবেশ হওয়ার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই সমাবেশে আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।’

বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, আগামী ১৮ মার্চ বরিশাল বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশে লাখ লাখ মানুষের সমাগম হবে। বিভাগীয় অধীন সব জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা বরিশাল বিভাগে ব্যাপক উন্নয়নের জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে আসবেন।

ইত্তেফাক/এমএএম