৪ দিনব্যাপী নাট্যোৎসব

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৬

সারাদেশে বিভিন্ন বিভাগ ও জেলাভিত্তিক নাট্যোৎসব শুরু হয়েছে। রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘রাজবাড়ী থিয়েটার’র চার যুগপূর্তি হয়েছে। সে উপলক্ষে গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্য উৎসব। জেলা শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে এ উৎসব চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ উৎসবের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’। উৎসবের উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এ উৎসবে বাতিঘর নাট্যদলের দুটি নাটক মঞ্চায়িত হবে।

এগুলো হলো- ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাকার বকুলের রচনা ও নির্দেশনায় ‘ঊর্নাজাল’ এবং ১১ ফেব্রুয়ারি একই সময়ে  মুক্তনীলের নির্দেশনায় ‘মাংকি ট্রায়াল’।

এছাড়াও উৎসবে প্রদর্শিত হবে রাজবাড়ী থিয়েটারের প্রযোজনায় ‘কবর’, বহুবচন থিয়েটার পাংশার প্রযোজনা ‘বৈতংসিক’, স্বদেশ নাট্যাঙ্গণের ‘চন্দ্রগ্রহণ’, অল্টারনেটিভ লিভিং থিয়েটার (কলকাতা) ‘লং মার্চ’, ফরিদপুরের বাংলা থিয়েটারের ‘সাইরেন’ ইত্যাদি নাটক।

ইত্তেফাক/বিএএফ