কাঠালবাড়িতে আন্তজার্তিক মানের বঙ্গবন্ধু কনভেশন সেন্টার হবে: চীফ হুইপ 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩০

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, শিবচরের কাঠালবাড়িতে আন্তজার্তিক মানের বঙ্গবন্ধু কনভেশন সেন্টার নির্মাণ করা হবে। এটি হবে এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার। এখানে দেশ-বিদেশ থেকে মানুষ আসবে। এখানে আন্তজার্তিক মেলা হবে। দেশি-বিদেশি ইভেন্ট, মিটিং হবে নিয়মিত। 

শনিবার (ফেব্রুয়ারি) কাঠালবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসা, কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয় ও চরচান্দ্রা উচ্চ বিদ্যালয়ের ৩টি ৪ তলাবিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

চীফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, ধর্ম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। কিন্ত ইসলামের জন্য একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কাজ করে। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিল। বিশ্বে অনেক ধনী মুসলিম দেশ বিলাসী জীবনযাপন করলেও ১০ লাখ রোহিঙ্গা মুসলমানকে একমাত্র শেখ হাসিনাই আশ্রয় দিয়েছেন। বিশ্বের ধনী দেশগুলো ইচ্ছে করলে এই ১০ লাখ রোহিঙ্গা মুসলিমদের মধ্যে থেকে কিছু অংশ মুসলিমদেরকে তাদের দেশে আশ্রয় দিতে পারতো। কিন্তু দেয়নি। আমাদের ছোট একটি দেশ তারপরও কিন্তু প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। মুসলমানদের জন্য এত বড় কাজ কিন্তু আর কোনো সরকার করার সাহস করেনি। তাদেরকে প্রতিদিন খাওয়াতে হচ্ছে, ঔষুধ দিতে হচ্ছে, তাদের নিরাপত্তাসহ সকল সুযোগ-সুবিধা কিন্তু দিতে হচ্ছে। তাই ধর্ম নিয়ে অনেক সরকারই কথা বলেছে কিন্তু শেখ হাসিনা যেটা করেছে, বঙ্গবন্ধু যেটা করেছে সেটা কিন্তু অন্য কেউ করতে পারেনি।

চীফ হুইপ সকালে শিবচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর ঘোষের বড় ছেলে মরণ চান ঘোষের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানান।

এ সময়ে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 

 

ইত্তেফাক/পিও