টরন্টোর মেয়র টরির পদত্যাগ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৪

সাবেক এক কর্মচারীর সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করে কানাডার টরন্টো শহরের মেয়র জন টরি স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পদত্যাগ করেছেন।

ডেইলি টরন্টোর স্টার জানিয়েছে, ৩১ বছর বয়সী এক কর্মচারীর সঙ্গে টরির সম্পর্ক ছিল। সংবাদ সম্মেলনে এই দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সেই নারীর নাম জানা না গেলেও তাদের প্রণয় করোনা মহামারি চলাকালে শুরু হয়েছিল এবং এ বছর পারস্পরিক সম্মতিতেই শেষ হয় বলে খবরে বলা হয়েছে।

এ সম্পর্কটিকে ‘একটি গুরুতর ত্রুটি’ বলে অভিহিত করে ৬৮ বছর বয়সী জন টরি এক বিবৃতিতে বলেন, ‘আমি গভীরভাবে দুঃখিত এবং টরন্টোর জনগণের কাছে কাছে ক্ষমাপ্রার্থী। সবচেয়ে বেশি ক্ষমাপ্রার্থী আমি আমার স্ত্রী বার্ব এবং আমার পরিবারের কাছে।

তিনি বলেন, ‘আমি গভীরভাবে অনুশোচনা করছি এবং চাকরি থেকে সরে যাচ্ছি।’

২০১৪ সালের ডিসেম্বরে নির্বাচনে ডগ ফোর্ড এবং অলিভিয়া চৌকে পরাজিত করে ল্সালেখলের দায়িত্ব নেন। তিনি ২০১৮ সালে পুনঃনির্বাচিত হন এবং চার বছর পরে তৃতীয় মেয়াদে দায়িত্ব পান।

এদিকে, ২০২১ সালে কানাডার সেনাবাহিনীর প্রধান এডমিরাল জিরার্ড ম্যাকডোনাল্ডও একই অভিযোগে পদত্যাগ করেন। প্রায় এক দশক আগে একজন নারী সৈনিকের সঙ্গে সংঘটিত ‘যৌন বিষয়ক’ অভিযোগের প্রেক্ষিতে তাকে সেনাবাহিনীর প্রধানের পদ থেকে সরে যেতে হয়।

ইত্তেফাক/আরএজে