দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনালদো কত সহস্র ভক্ত-সমর্থকের অটোগ্রাফ আবদার মিটিয়ে তাদের হৃদয় তুষ্ট করেছেন তার ইয়ত্তা নেই। সাধারণ আম দর্শক থেকে শুরু করে মহাতারকা রোনালদোর অটোগ্রাফ শিকারি তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় রাজনীতিক নেতাও রয়েছেন। আজীবন ভক্তদের অটোগ্রাফ আবদার মেটানো সেই রোনালদো কিনা এবার নিজেই নাম লেখালেন অটোগ্রাফ শিকারির খাতায়। পর্তুগিজ সুপারস্টার নিজেই এক বিশেষ ব্যক্তির অটোগ্রাফ নিলেন!
ঘটনাটটি ঘটেছে গত বৃহস্পতিবার সৌদি প্রো-লিগের আল নাসর ও আল-ওয়েহদার মধ্যকার ম্যাচে। আল-ওয়েহদার মাঠ কিং আজিজ স্টেডিয়ামের ঐ ম্যাচটিতে হ্যাটট্রিকসহ একাই ৪ গোল করেন রোনালদো। তার দল আল নাসরও ম্যাচটা জেতে ৪-০ গোলে। নিয়ম মেনেই ম্যাচ শেষে হ্যাটট্রিক করার পুরস্কার হিসেবে হ্যাটট্রিক করা বলটি দেওয়া হয় রোনালদোকে। সেই হ্যাটট্রিক বলেই বিশেষ ঐ ব্যক্তির স্বাক্ষর নিয়েছেন রোনালদো।
রোনালদোকে অটোগ্রাফ দেওয়া সেই সৌভাগ্যবান ব্যক্তির নাম সুলতান আল-হার্বি। রোনালদোর হ্যাটট্রিকের ম্যাচটিতে রেফারি ছিলেন তিনিই। ম্যাচ শেষে বলটি তার হাতে তুলে দিতেই রোনালদো বল নিয়ে ছুটে যান রেফারির কাছে। বিনয়ী ভক্ত হয়ে আবদার করেন অটোগ্রাফ দেওয়ার। রেফারি সুলতান আল-হার্বি বিস্মিত হলেও রোনালদোর মতো ভক্তের আবদার মিটিয়েছেন হাসিমুখে। সই করে দেন রোনালদোর হ্যাটট্রিক বলে। অটোগ্রাফ পেয়ে আনন্দে গদগদ রোনালদো পরে রেফারির সঙ্গে করমর্দন করেন।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এর আগেও ৬০টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। প্রত্যেকবার বল পুরস্কারও পেয়েছেন। কিন্তু কখনো হ্যাটট্রিক বলে রেফারির সই নিয়েছেন, এমনটা শোনা যায়নি। সতীর্থদের সই নেওয়ার নজির হয়তো আছে। কিন্তু রেফারির স্বাক্ষর নেওয়া? শুধু রোনালদো নন, অন্য কোনো খেলোয়াড়কেও এমনটা করতে কখনো দেখা গেছে কি না বলা মুশকিল। রোনালদোর এই কর্মে দুনিয়া জুড়ে তার ভক্ত-সমর্থকরা মুগ্ধ। একজন যেমন লিখেছেন, ‘এ জন্যই রোনালদো সর্বকালের সেরা। কিংবদন্তি।’
