পাবনার চাটমোহরে কুয়াশার মধ্যে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী-ঢাকা রেলপথে উপজেলার বেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাকপ্রতিবন্ধী নাজির উদ্দিন প্রাং কালা (৫৬) চাটমোহর পৌরসভার ছোট শালিখা মহল্লার মৃত ফয়েজ প্রাংয়ের ছেলে, পেশায় নির্মাণ শ্রমিক।
জিআরপি থানার ওসি হারুনর রশিদ মৃধা জানান,বাক ও শ্রবণ প্রতিবন্ধী নাজির উদ্দিন রোববার সকালে রাজমিস্ত্রির কাজ করার জন্য বাড়ি থেকে বেজপাড়া গ্রামে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে ঘন কুয়াশার মধ্যে রেললাইন পার হচ্ছিলেন, এসময় আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান। এতে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।
