একটি দুর্ঘটনায় ধূলিসাৎ দুটি পরিবারের স্বপ্ন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওতে কুয়াশাচ্ছন্ন সড়কে সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দুই বন্ধু বান্দরবানে বেড়াতে বের হয়ে ঈদগাঁও কলেজ গেইট ব্রিজ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।

নিহতরা হলেন, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।

নিহতদের একজন চলতি মাসের শেষ দিকে সৌদি আরব যেতে বিমানের টিকেটও প্রস্তুত করেছিলেন। অপরজন মেয়াদ বাড়াতে দেওয়া পার্সপোর্টটি হাতে পেলে আবার প্রবাসে যেতেন।

ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুইটি অনাপত্তির ভিত্তিতে স্বজনেরা বাসায় নিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ নিয়ে কাজ করছে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশ।

ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা এলাকার মেম্বার মুহাম্মদ মহসিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে তার এলাকার নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী বান্দরবান বেড়াতে যেতে মোটরসাইকেল নিয়ে বের হন। কলেজ গেইট এলাকায় গিয়ে স্থানীয় আমিনের দোকানে রুটি-ডাল খান। সেখানেই অন্যদের সাথে বেড়াতে যাওয়ার কথাটি আলোচনা করেন প্রবাসফেরত ও নব্য প্রবাসে যেতে প্রস্তুতি নেওয়া দুই বন্ধু।

তিনি আরো জানান, নাস্তা খেয়েই দুই বন্ধু বাইক স্ট্রার্ট করে কুয়াশার ভেতর রওয়ানা দিতেই কক্সবাজারমুখী প্রিমিয়ার সিমেন্টভর্তি এক কাভার্ডভ্যানের সাথে সজোরে ধাক্কা লেগে গাড়ি দুমড়ে-মুচড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

কলেজ গেইট এলাকার ব্যবসায়ী মুহাম্মদ সেলিম ও জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনা দেখে লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফোর্স নিয়ে আসেন ঈদগাঁও থানার এসআই রশিদ। দুর্ঘটনায় রাস্তার উভয় পাশে যান চলাচল আটকে যায়। প্রশাসনিক অনুমতিতে মরদেহ সরানোর পর দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে আসা চাঁন্দেরঘোনা এলাকার লোকজনকে বলতে শুনেছি, এরা আগে থেকেই অনিয়ন্ত্রিত স্পিডে বাইক চালাতো।

স্থানীয় সমাজকর্মী মিছবাহ উদ্দিন বলেন, নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী দুই বন্ধু। কাছের প্রতিবেশী হিসেবে আসা-যাওয়া, নামাজসহ নানা কারণে দিনে একাধিকবার দেখা হতো। সকালে তারা বাড়ি থেকে বেরিয়ে অল্প সময়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। দেলোয়ার হোসেন সাঈদী বিদেশ চলে যাবার জন্যে পাসপোর্টের মেয়াদ বাড়াতে দিয়েছে। নুরুল আজিম নববিবাহিত। ২৭ ফেব্রুয়ারি তার ফ্লাইট। একটি দুর্ঘটনা দুটি পরিবারের সকল স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে।

ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম বলেন, মরদেহগুলো স্বজনরা বাসায় নিয়ে গেছে। পরিবারের অনাপত্তির ভিত্তিতে তাদের মরদেহ প্রশাসনিক অনুমতিতে বিকেলে দাফন করা হবে।

রামু হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়েছি সকাল ৮টা পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন ছিল সড়কের কিছু কিছু এলাকা। দুর্ঘটনাস্থলও কুয়াশায় ঢাকা থাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি মুখোমুখি হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করলেও মরদেহগুলো পাইনি। স্বজনরা এদের বাসায় নিয়ে গেছে বলে জেনেছি।

ইত্তেফাক/এসকে