টেলিভিশনে অভিনয় কমিয়ে এখন সিনেমার প্রস্ততি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তারকা অভিনেতা আফরান নিশো। চলতি সপ্তাহেই অংশ নিবেন নিজের প্রথম সিনেমার শুটিংয়ে। তার আগে অংশ নিলেন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে।
গেল শনিবার রাজধানীর নাইন এন্ড অ্যা হাফ স্টুডিওতে নতুনরুপে দেখা মিলে তার। পুরো দিনব্যাপী শুটিং করেন একটি বিজ্ঞাপনের। এটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। এ কাজের মধ্য দিয়ে নিশো ও রুবায়েত জুটি পর্দায় হাজির হচ্ছেন ৬ বছর পর।
নির্মাতা রুবায়েত মাহমুদ বলেন, আফরান নিশো ভাই কাজে যেমন সিনসিয়ার তেমনি কাজের বাইরে ভীষণ মজার ও আড্ডাপ্রিয়। পুরো শুটিং ইউনিট মাতিয়ে রাখার বিষয়ে উনার জুড়ি নেই।
তিনি আরও বলেন, আমরা সর্বশেষ ২০১৭ সালে একটা ফিকশনে কাজ করেছিলাম, নাম ‘ক্রসরোড’। এরপর আর আমাদের কাজ হয়নি। অনেকদিন পর একসাথে কাজ করলাম। দারুণ উপভোগ করেছি। খুব শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

