সাম্প্রতিক সপ্তাহগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক তলানিতে যাচ্ছে। ফেব্রুয়ারির প্রথম দিকে যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমায় চীনা নজরদারি বেলুন প্রবেশ করেছে দাবি করে তা ভূপাতিত করে। এর পর থেকেই দেশ দুইটির মধ্যে উত্তেজনা বেড়েছে। খবর এনডিটিভি।
যুক্তরাষ্ট্রের দাবি ছিল, চীনের এ বেলুন দেশটির ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়েছে। তবে এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে পাল্টা অভিযোগ করেছে চীন। আজ সোমবার চীন দাবি করেছে, ২০২২ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমায় ১০টিরও বেশি বেলুন পাঠিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, 'যুক্তরাষ্ট্রের পক্ষে অন্য দেশের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করাটা অস্বাভাবিক কিছু নয়। শুধুমাত্র গত বছর থেকে মার্কিন বেলুনগুলি কোনো অনুমোদন ছাড়াই ১০ বারের বেশি চীনের আকাশসীমায় অবৈধভাবে উড়েছে।
ওয়াং বলেন, বেইজিংয়ের এই ঘটনাগুলিকে দায়িত্ব ও পেশাদারিত্বের সঙ্গে জবাব দিয়েছে।
তিনি আরও বলেন, 'আপনি যদি মার্কিন উচ্চ-উচ্চতার বেলুনগুলি অবৈধভাবে চীনের আকাশসীমায় প্রবেশ করার বিষয়ে আরও জানতে চান, আমি আপনাকে মার্কিন পক্ষের দিক থেকে তথ্য নেওয়ার পরামর্শ দিচ্ছি।'
