হাতিরঝিলে ছাড়া হচ্ছে হাঁস, টিকবে কিনা সন্দেহ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৪

জীববৈচিত্র্য রক্ষার্থে রাজধানীর হাতিরঝিলে ছাড়া হচ্ছে হাঁস। আগামীকাল মঙ্গলবার সকালে হাতিরঝিল লেকের পুলিশ প্লাজা সংলগ্ন দ্বীপ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ৩০০টি হাঁস অবমুক্ত করা হবে। তবে শেষ পর্যন্ত এসব হাঁস টিকবে কী না তা নিয়ে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজউকরে হাতিরঝিল লেকের পুলিশ প্লাজা সংলগ্ন দ্বীপ থেকে জীববৈচিত্র্য রক্ষার্থে রাজউকের চেয়ারম্যানের নেতৃত্বে এবং রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ৩০০টি হাঁস অবমুক্ত করা হবে।

হাতিরঝিলের বর্তমান চিত্র। ফাইল ছবি

তবে হাতিরঝিলের লেকে হাঁস ছাড়ার ব্যতিক্রমী উদ্যোগকে বিশেষজ্ঞরা ভিন্ন চোখে দেখছে। তারা জানান, এর আগে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি লেকে যেন মশার বংশবিস্তার রোধ রমনা পার্ক লেক ও খিলগাঁও বটতলা ঝিলে হাঁস অবমুক্ত করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র। কিন্তু তদারকির অভাবে কয়েক মাসের মাথায় বেশিরভাগ হাঁস চুরি হয়ে যায়। কিছু হাঁস বিভিন্ন রোগে মারা যায়। এখন কয়টা বেঁচে আছে, সেই হিসেব সংশ্লিষ্টদের কাছে নেই। ফলে যে উদ্দেশ্যে হাঁস অবমুক্ত করা হয়েছিল তার সুফল কোনো মেলেনি। 

হাতিরঝিল লেকের পানিতে এইসব হাঁস টিকবে কী না তা জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘হাতিরঝিল লেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই হাঁস অবমুক্ত করা হলে ঠিক আছে। কারণ লেকটি অনেক বড়। তবে হাঁস টিকাতে হলে এর সঠিক তত্বাবধান রাখতে হবে।  তা নাহলে এসব হাঁস চুরি হয়ে যাবে। কারণ আমরা পূর্বে দেখেছি রাজধানীর বিভিন্ন লেকে হাঁস অবমুক্ত করা হাঁস উধাও হয়ে গিয়েছিল।’

ফাইল ছবি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষার্থে এই হাঁস কোনো কাজে আসবে না। তবে লেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য হলে ঠিক আছে। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন লেকে হাঁস অবমুক্ত করা হয়েছিল। তার সুফল কোনো মেলেনি সঠিক তদারকি ও বিষাক্ত নোংরা পানির কারণে।’

জীববৈচিত্র্য রক্ষার্থে হাতিরঝিলে হাঁস ছাড়ার বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে একাধিকবার ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। 

তবে এ বিষয়ে হাতিরঝিলের প্রকল্প পরিচালক শেখ জিয়াউল হাসান ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘আমরা হাতিরঝিল লেকের জীববৈচিত্র্য রক্ষার্থে ও লেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য ৩০০ হাঁস অবমুক্ত করবো। এসব হাঁসের সঠিক তদারকির জন্য আমাদের জনবলও রয়েছে। আশা করছি এর সুফল মিলবে।’ 

ইত্তেফাক/এনএ