বরিশালে পঞ্চসিঁড়ি নাট্যদলের কার্যালয় তছনছ ও উচ্ছেদের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সম্মিলিত জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ সাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পঞ্চসিড়ি গত ৪০ বছর ধরে গণপূর্ত দপ্তরের মালিকানাধীন ভবনে তাদের সার্বিক সহায়তায় মহড়া, কর্মশালাসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশেই একই ভবনে জেলা পুলিশের ও একটি দপ্তর রয়েছে। সম্প্রতি জেলা পুলিশ নাট্যদলকে না জানিয়ে গণপূর্ত দপ্তরের অনুমতি না নিয়ে মহড়ার কক্ষটি দখলে নিয়ে নেয় এবং তবলা, হারমোনিয়ামসহ নাটকের সামগ্রী নষ্ট করে দেয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সম্মানজনক সমাধান চাই।
পঞ্চসিঁড়ির দপ্তর ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আরও বলা হয়, দেশবিরোধী ও সম্প্রীতি বিনষ্টকারী শক্তির বিরুদ্ধে যখন আমরা দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণের কথা বলছি তখন সংস্কৃতি বিনাশী এ ধরনের কর্মকাণ্ড কখনোই প্রত্যাশিত নয়।
