বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশের বেসরকারি খাতের প্রাইম ব্যাংককে ৫ কোটি (৫০ মিলিয়ন) মার্কিন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে। আইএফসি জানিয়েছে, কোভিড মহামারির কারণে সৃষ্টি হওয়া বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় রপ্তানি ও আমদানিভিত্তিক ব্যবসায় সহায়তা করার জন্য এই ঋণ দেওয়া হচ্ছে। এই অর্থায়ন প্যাকেজ আইএফসির ‘ফাস্ট ট্র্যাক কোভিড-১৯ সুবিধা’র অংশ। বিভিন্ন দেশ ও বেসরকারি খাতে চলতি মূলধন ঘাটতি মোকাবিলার জন্য এই প্রকল্প নিয়েছে আইএফসি।
আইএফসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অপ্রত্যাশিতভাবে বিশ্ববাজারে বৈদেশিক মুদ্রার তারল্য বাধাগ্রস্ত হয়েছে। এ রকম অবস্থায় এই অর্থায়নের মাধ্যমে প্রাইম ব্যাংক তার আমদানি ও রপ্তানিনির্ভর গ্রাহকদের জন্য ঋণ সম্প্রসারণ করতে পারবে। এর ফলে উদ্যোক্তারা তাদের ব্যবসা সচল রাখতে, রপ্তানি পুনরায় শুরু করতে এবং এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও রশিদ বলেন, এসএমই গ্রাহকদের উদ্দেশ্য করে দেওয়া ৫ কোটি মার্কিন ডলারের এই সুবিধা প্রাইম ব্যাংকের এসএমই পোর্টফোলিও উন্নয়নে সহায়তা করবে।
