বাড়ি থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে এনে চোরকে গালিগালাজ করে এলাকায় সাড়া ফেলেছেন ভৈরবের এক পান ব্যবসায়ী।
গত শুক্রবার ভৈরবের মানিকদী পূরানগাও এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার চোরকে গালিগালাজের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। পান ব্যবসায়ী মো. ফয়েজ মিয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূরানগাও এলাকার বাসিন্দা।
গজারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মানিক চাঁন মিয়া জানান, ৯ দিন আগে ফয়েজ মিয়ার ঘর থেকে ১৭ হাজার টাকা দামের দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়।
মানিক চাঁন আরও বলেন, মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। আমি নিজেও ফোন দুটি উদ্ধারের চেষ্টা করছি।
চুরি হওয়া মোবাইল ফোনের মালিক ফয়েজ মিয়া বলেন, 'আমি গরিব মানুষ। পানের দোকান দিয়ে সংসার চালাই। মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। পরে মাইক ভাড়া করে এনে চোরকে ইচ্ছামতো গালাগাল করে মনের ঝাল মিটিয়েছি।'
