৯৯৯-এ ফোন করে নিজেকে জঙ্গি দাবি, অতঃপর তরুণ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫২

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে নিজেকে জঙ্গি দাবি করে আত্মসমর্পণ করতে চাওয়া এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণের নাম জানায়নি পুলিশ।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এক তরুণ ফোন করেন। তিনি নিজেকে হিন্দাল শারক্কীয়ার সদস্য দাবি করেন। তিনি জঙ্গিবাদ থেকে ফিরে আসতে চান। তবে পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করতে ভয় পাচ্ছিলেন। তাই ৯৯৯-এ ফোন করেছেন। ওই তরুণের ফোন পেয়ে বিষয়টি দ্রুত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়। এরপর তাকে উদ্ধারে মাঠে নামে উত্তরা পুলিশ।

গত বছরের ২৭ ডিসেম্বর কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে হিন্দাল শারক্বীয়ায় যোগ দিতে ঘর ছেড়েছিলেন বলে পুলিশকে জানান ওই তরুণ। এরপর তিনি ঢাকার বসুন্ধরা এলাকায়, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণ গ্রহণের জন্য তার কক্সবাজারে যাওয়ার কথা ছিল। তবে একপর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরে মেস থেকে পালিয়ে যান এবং উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাইছিলেন। কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন। তাই জাতীয় জরুরি সেবায় ফোন দিয়েছেন। 

৯৯৯-এ ফোন কলটি রিসিভ করেন পুলিশ সদস্য জয় বিশ্বাস। তিনি তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান। 

পুলিশ জানায়, সংবাদ পেয়ে উত্তরখান থানার পুলিশের একটি দল উত্তরখানের কোটবাড়ী আটিপাড়া এলাকায় যায়। পরে উত্তরখান থানার ওসি ৯৯৯কে জানান, তারা ২৬ বছর বয়সী তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উত্তরখান থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা তাকে এখনো আটক বা গ্রেপ্তার করিনি। এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তেমন কিছুই জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

ইত্তেফাক/এনএ