পদ্মাপারে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৭

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়ার পদ্মাপারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। আর্থ-সামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্র অবারিত বাংলা এ উৎসবের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেনে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, এই আয়োজন মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে আমাদের সঠিকভাবে তুলে ধরা নৈতিক দায়িত্ব। আমাদের নিজেদের অর্জন ও সঠিক ইতিহাস নিয়ে শিশুরা বড় হলেও দেশের জন্য আবদান রাখতে পারবে। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ একই সুতোয় গাঁথা। তাই বঙ্গবন্ধুকে বাঙালি জাতি কখনো ভুলতে পারবে না।

উৎসবে নির্মাতা শায়লা রহমান তিথির ‘যুদ্ধ জয়ের কিশোর নায়ক’, গোলাম রব্বানীর ‘মিরাকল ইন হ্যাভেন’ ও সীমান্ত সজলের ‘শিকল ভাঙার গান’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তিনটি প্রজেক্টের মাধ্যমে প্রদর্শন করা হয়। এ সময় দর্শকরা কনকনে শীত উপেক্ষা করে চলচ্চিত্র উপভোগ করেন।

সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে উৎসবে অবারিত বাংলার নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএজে