তুরস্কের আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় পঞ্চম দিনে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এসব মরদেহ উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর নেতৃত্বে তাদের উদ্ধারকর্মীসহ ফায়ার সার্ভিসের সদস্যরা এ নিয়ে সর্বমোট ২০ জনকে উদ্ধার করলো। এদের মধ্যে এক জন জীবিত এবং ১৯ জন মৃত।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের তথ্যমতে, গত রাতে ৮ ঘণ্টার উদ্ধার অভিযানে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই চারজনের মধ্যে রয়েছে বাবা-মা ও তাদের দুই সন্তান। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মধ্যরাতে ওইদিনের অভিযান শেষ হয়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান জানিয়েছেন, উদ্ধারকাজে সাফল্য আসায় শরীর ক্লান্ত হলেও তৃপ্ত মন নিয়ে ক্যাম্পে ফিরে গেছেন তারা।
উল্লেখ্য, গতকাল বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যদের সাথে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারী দলের সদস্যরাও সমন্বিতভাবে অংশ নেন।
