৪ বছর পর কোটালীপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০১

চার বছর পর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বলে জানিয়েছেন সরকার দলের সংশ্লিষ্টরা।

এ উপলক্ষ বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এ উপলক্ষে আমরা আজ জনসভার মাঠটি পরিদর্শন করলাম।

তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ। ছবি: ইত্তেফাক

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে ছিলেন। এরপর মহামারি করোনার কারণে তিনি কোটালীপাড়ায় আসতে পারেননি। তবে তিনি প্রতিনিয়ত এখানের রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে কোটালীপাড়াবাসীর খোঁজ খবর নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন পরে কোটালীপাড়ায় আসবেন। তার এই আগমনের সংবাদ শুনে আমরা আনন্দিত। আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতা-কর্মীর মাঝে উদ্দীপনা বিরাজ করছে। এই জনসভাকে সফল করতে আমরা দলীয় নেতা-কর্মীরা ইতোমধ্যে বিভিন্ন ধরণের পদক্ষেপ নিয়েছি।

আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আমাদের পার্শ্ববর্তী উপজেলা কোটালীপাড়া হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা। ওখানে জনসভা হবে। আর আমরা আগৈলঝাড়া উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী এ জনসভায় যোগ দেবেন।

ইত্তেফাক/আরএজে