আধিপত্য বিস্তার নিয়ে জাজিরায় ফের সংঘর্ষ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৪

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে ফের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিলাসপুরের বিভিন্ন স্থানে দফায় দফায় এ সংঘর্ষ হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জলিল মাদবরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়া হয়েছে এবং অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি করে এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। কয়েক ঘণ্টা সংঘর্ষ চলার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এ ঘটনায় সজিব (২২) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল মাদবর জানান, নির্বাচনের পর থেকেই আমার সমর্থকদের বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের সহযোগিতায় বাড়িতে থাকলেও বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়াসহ প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার একইভাবে হামলা চালালে আমার লোকজনও জবাব দিতে বাধ্য হয়।

ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী জানান, সকালে হঠাৎ জলিল মাদবরের লোক আমার বাড়ি ঘেরাও করে হামলা চালালে আমার স্বজনরা তাদের প্রতিহত করে এবং তাৎক্ষণিক প্রশাসনকে বিষয়টি অবগত করি।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিলাসপুরে গিয়ে গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গত (২৩ জানুয়ারি) বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

ইত্তেফাক/এবি/পিও