পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আনন্দ বিনোদন ও ভালোবাসা ছড়িয়ে দিতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিদ্যাসভা স্কুল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা গান, নাচ, কবিতা আবৃত্তি ও নাটিকার মাধ্যমে সমাজে তাদের অবস্থান তুলে ধরার চেষ্টা করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য সংস্কৃতি কর্মী ও প্রকৌশলী, অঙ্কিত সরকার। এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার জ্ঞানী গুনি ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সকল শ্রেনী পেশার মানুষকে কোমলমতি শিশুদের সুকুমার বৃত্তি বিকাশে এবং তাদের উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর বেটার সোসাইটি ও বিদ্যাসভা স্কুলের সভাপতি সাদিয়া উম্মে হানি, সহকারী অধ্যাপিকা ঈশিতা চক্রবর্তী, মাহবুব সেতু ও বিশিষ্ট সমাজসেবক মন্টু মিয়া।
বিদ্যাসভা স্কুলের ফাউন্ডার অ্যান্ড জেনারেল সেক্রেটারি আনিকা তাবাস্সুম বলেন, 'প্রতিষ্ঠালগ্ন থেকে নানা প্রতিকূলতা স্বতেও বিদ্যাসভা স্কুল সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর এবং তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। অনুষ্ঠান পরবর্তী শিশুদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।'

