সব ধরনের ক্রিকেটেই তামিম ইকবালের একজন উদ্বোধনী জুটির সঙ্গী খোঁজ করছে বাংলাদেশ কয়েক বছর ধরেই। ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস; অনেককেই চেষ্টা করা হয়েছে। কেউ পারছেন না তামিমের যোগ্য সঙ্গী হয়ে উঠতে।
অবশেষে তামিম ইকবালের অনুপস্থিতিতে একজন তরুণ ব্যাট দিয়ে যেন বোঝালেন, অন্তত টেস্ট ক্রিকেটে তিনি হতে পারেন বাংলাদেশের যোগ্য ওপেনার। হ্যাঁ, গতকাল প্রথম টেস্ট খেলতে নেমেই ৭৬ রানের অসাধারণ ধৈর্য ও সৌন্দর্য মোড়ানো এক ইনিংস খেললেন সাদমান ইসলাম।
সাদমানের এই ইনিংস, সাকিব আল হাসানের ফিফটি এবং আরও কয়েকটা ছোট ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনটা স্বচ্ছন্দে কাটালো বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে সারাদিন উইকেটে থেকে ৫ উইকেটে ২৫৯ রান করেছে বাংলাদেশ। এখন এই ইনিংস আজ কতোটা লম্বা হয়, সেটা দেখার পালা। বাংলাদেশ একাদশ ঘোষণা করেই একটা ইতিহাস গড়ে ফেলল। আগের টেস্টে খেলা একমাত্র পেস বোলার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে এই টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ। তার বদলে দলে ঢোকেন বাড়তি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। ফলে বাংলাদেশ তার ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্বীকৃত পেস বোলার ছাড়াই টেস্ট খেলতে নামে। সেই সাথে টানা দ্বিতীয় টেস্ট খেলে তারা চার স্পিনার নিয়ে।
প্রথম দিনটায় অবশ্য বোলারদের নয়, ব্যাটসম্যানদের পরীক্ষা ছিল। দুই অধিনায়কই বলেছেন, টসে জিতলে ব্যাটিং নিতে চেয়েছিলেন তারা। সাকিবের ইচ্ছেটা সত্যি হয়েছে।
বাংলাদেশকে মোটামুটি স্বস্তির একটা শুরু এনে দেন সাদমান ও সৌম্য সরকার। সৌম্য ১৯ রান করে চেজের বলে ক্যাচ তুলে দেওয়ায় ৪২ রানের এই জুটি শেষ হয়। এরপর দারুণ খেলছিলেন মুমিনুল হক ও সাদমান। কিন্তু লাঞ্চের মাত্র এক বল আগে মুমিনুল আত্মহত্যা করার মতো এক শট করে ফিরে আসেন; তার রান ছিল ২৯।
লাঞ্চের পর ৬৪ রানের জুটি করেন মিঠুন ও সাদমান। মিঠুন ফেরেন ৬১ বলে ২৯ রান করে। এর ১০ রান পরই ফিরে আসেন সাদমান। সাদমান ১৯৯ বলের এক ম্যারাথন ইনিংস খেলেন। ৭৬ রানের এই ইনিংসে ছিল ৬টি চার।
দ্রুত এই দুই উইকেট হারানোর পর মুশফিককে নিয়ে আবার সামাল দেওয়ার চেষ্টা করেন সাকিব। কিন্তু ৬ নম্বরে নামা মুশফিক সেভাবে থিতু হতে পারেননি। তিনি ২৪ বলে ১৪ রান করে ফিরে আসেন। এরপর দিনের বাকিটা সময় নিরাপদে কাটিয়েছেন সাকিব ও মাহমুদউল্লাহ।
এই দুই সিনিয়রের জুটিতে ইতোমধ্যে ৬৯ রান যোগ হয়েছে। দু’জনই অত্যন্ত স্বচ্ছন্দে সময় কাটাচ্ছেন উইকেটে। সাকিব তার ফিফটি পেয়ে গেছেন। তিনি ৫৫ রান নিয়ে ব্যাট করছেন। অন্যদিকে ৩১ রানে ব্যাট করছেন রিয়াদ।
বাংলাদেশ এই টেস্টে ৯ ব্যাটসম্যান নিয়ে খেলছে। ফলে অস্বাভাবিক কিছু না হলে প্রথম ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের কাঁধে বড় সংগ্রহ চাপিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ।
ইত্তেফাক/আরকেজি
