সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র 'মাইক'-এর চুরি হওয়া ফুটেজ উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন সিনেমাটির পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে।
সিনেমাটির পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন । তিনি বলেন, চুরির ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক সাড়া পেয়ে আমি আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এক সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীদের ধরার দৃশ্যমান কোনো ব্যবস্থা পরিলক্ষিত হয়নি। ফুটেজ উদ্ধারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এই চলচ্চিত্রের অভিনেতা নাদের চৌধুরী বলেন, সিনেমাটা যাতে দর্শকরা দেখতে পারে সেই ব্যবস্থা করা হোক। ভবনে কিছু ঘটলে তার দায়-দায়িত্ব পদ্মা লাইফ ইন্সুরেন্সকে বহন করতে হবে। আমরা আশা করি, প্রশাসন চুরি হওয়া ফুটেজ উদ্ধার করবে এবং দেশের মানুষ ৭ মার্চের মধ্যে সিনেমাটি দেখতে পারবে।
মাইকের অভিনেত্রী তানভীন সুইটি বলেন, এই বাংলাদেশের জন্ম কিভাবে হয়েছে তা তুলে ধরতে চাই। কিন্তু কে বা কারা ইতিহাস লুকিয়ে রাখতে চায়? ইতিহাস তুলে আনার এই ধারাকে বারবার থমকে দেয়া হচ্ছে! ২০২৩ সালে এসে কারা এই কাজটা করল? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিনেমার অভিনেতা ঝুনা চৌধুরী, বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, বার্তা সম্পাদক হাবিবুর রহমান রোমেল ও সিনেমার অপর পরিচালক হাসান জাফরুল বিপুল।

‘শিল্পীদের অনুপ্রেরণা দেবার কাজটিই আমরা করে থাকি’