মাদারীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০২

মাদারীপুরে জেলা ও দায়রা জজের মাইক্রোবাসের চালককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার ঘটনায় দায়ের করা মামলায় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্যে সমন জারি করেছে আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল মামুন সমন জারির আদেশ দেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজের গাড়ি চালক হাফিজুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাধা দান এবং মারধর করার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন। সেদিনই বাদীর অভিযোগ আমলে নেন আদালত। আগামী ১৬ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পৌনে নয়টায় মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের একটি মাইক্রোবাস বের হওয়ার সময় বিপরীতমুখ হতে কোনো ইন্ডিকেশন না দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা প্রাইভেটকার প্রবেশের সময় মুখোমুখি হয়। এ সময় চালকের আসনে বসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব বের হয়ে জেলা জজের চালকককে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে মারধর করেন এবং দুই ঘণ্টা আটকে রাখে। পরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারকের ড্রাইভারকে মারধর করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা কোনোক্রমে পেশাদার আচরণ হতে পারে না। আমরা জেলা আইনজীবী সমিতির প্রায় ১২০ জন আইনজীবী এ মামলা পরিচালনার জন্যে লড়বো। আগামীতে যাতে কোনোভাবেই এমন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।

মামলার ফরিয়াদির আইনজীবী প্রাক্তন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমরান লতিফ বলেন, আদালত আসামি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার বিরুদ্ধে সমন জারি করেছে। এতেই প্রমাণিত হয় যে অপরাধী যেই হোক সে আইনের ঊর্ধ্বে নয়। আসামিকে আগামী ১৬ মার্চ সশরীরে হাজির হতে হবে। 

অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, মামলা দায়ের ও সমন জারির নোটিশ জারির কথা শুনেছি। নোটিশ হাতে পেলে যথাযথ পদক্ষেপ নেবো। তবে আমার সঙ্গে ওই চালক দুর্ব্যবহার করেছে। যা আমি বুধবার সকালে লিখিতভাবে জেলা ও দায়রা জজকে জানিয়েছি কিন্তু সেটা লিখিত অভিযোগ কেউ গ্রহণ করেনি। আমার মনে হয়, প্ল্যান করেই আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/পিও