আবাহনীর এমন দুর্দশা শেষ কবে হয়েছিল কেউ মনে করতে পারছেন না। প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বের লড়াই শেষ হতে একটু বাকি। প্রথম পর্বে বসুন্ধরা কিংসের আজ শেষ ম্যাচ। প্রতিপক্ষ আবাহনীর হাতে দুই ম্যাচ। কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ বিকাল সোয়া ৩টায় আবাহনী ও বসুন্ধরা কিংসের লড়াই। দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান ৯। পিছিয়ে আবাহনী, এক ম্যাচ কম খেলে। পয়েন্ট পার্থক্য যাই হোক লড়াই হবে হাড্ডাহাড্ডি। আবাহনীর জন্য অনেকটাই বাঁচা মরার খেলা এটি।
কুমিল্লার মাঠে বসুন্ধরা কিংস দর্শক নিয়ে আসবে। প্রায় তারা এটি করেন। আতিথিয়েতা দিয়ে হোক, এই দলটির খেলা হলে নিজেদের প্রতিষ্ঠানের কর্মরতদের মাঠে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়া হয়। দর্শক আওয়াজ তুলবে, খেলোয়াড়রা মাঠে উজ্জীবিত হবে। তবে এটাও সত্য যে, বসুন্ধরা কিংসের ফুটবল শক্তি খুব ভালো, যদিও তারা অনেক ম্যাচেই এবার কোনো রকমে জিতে মাঠ ছাড়তে হয়েছে। তার পরও আজকে কিংসকে আসল খেলা খেলতে হবে। বলা যায়, তাদের জন্য লিগ শিরোপার ম্যাচও এটা। আবাহনীর বিপক্ষে জিততে পারলে টেবিলের অনেক দূর চলে যাবে। কারণ ৯ খেলায় ৯ জয়ে পয়েন্ট ২৭ এখন। গোল করেছে ২১টা, হজম করেছে ২টা। একবারও তারা টেবিলের ১ নম্বর স্থান ছাড়েনি। অন্যরা যদি পিছিয়ে থাকে তাহলে কিংসের কী করার আছে। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে লিগ শেষ হওয়ার অনেক আগেই কিংস চ্যাম্পিয়ন হয়ে বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবে।
নাকে তেল দিয়ে ঘুমানোর চিন্তা হারাম করে দিতেই আবাহনী ব্যারিকেড বসাবে কুমিল্লার মাঠে। গতকাল সকালে আবাহনী কুমিল্লায় গিয়ে বিকালে অনুশীলনে নামে আবাহনী। অনুশীলন মাঠে যখন আবাহনী, তখন বসুন্ধরা কিংস কুমিল্লায়, হোটেলে উঠল মাত্র। সকালে ঢাকায় অনুশীলন করে দুপুরেই রওনা দেয়। অনুশীলনের কাজটা ঢাকায় সেরে নিয়েছে। আজ তারা সরাসরি মাঠে নামবে বলে জানিয়েছেন টেকনিক্যাল কর্মকর্তা বায়জিদ জুবায়ের নিপু।
আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাস রূপু কুমিল্লা থেকে ফোনে জানিয়েছেন তারা সবাই একটা বড় ম্যাচে লড়াই করার জন্য মুখিয়ে আছেন। দুশ্চিন্তা আছে। রূপু বললেন, ‘আমরা অনেক পিছিয়ে আছি। জিতলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে। হাতে আছে দুই ম্যাচ, আজ কিংসের ম্যাচ পার করলে আগামী শুক্রবার ময়মনসিংহে আবাহনীর প্রতিপক্ষ উত্তরার আজমপুর এফসি।
বসুন্ধরা-আবাহনী ম্যাচে আজ ভুটানের রেফারি থাকবেন। গতকালই ভুটানিজ রেফারিরা ঢাকায় এসেছেন। জানা গেছে ভুটানের লিগ শেষ। সেখানকার চার জন রেফারিকে এলিট রেফারি হিসাবে মূল্যায়ন করতে আজকের ম্যাচটি পরিচালনা করতে সুযোগ চেয়ে তারা বাংলাদেশে এসেছেন। বিদেশি রেফারি আসায় ফুটবলের অনেকেই খুশি। সবকিছু মিলিয়ে ফুটবল দর্শকের জন্য আবাহনী-কিংসের ম্যাচ উত্তেজনার পারদ ছড়াবে সে কথা নিশ্চিত করে বলায়।
