‘তীব্র খাদ্যসংকটে উত্তর কোরিয়া’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭

উত্তর কোরিয়ায় খাদ্যসংকট পরিস্থিতি আরও নাজুক হয়েছে বলে বিশ্বাস দক্ষিণ কোরিরায়। দুই দশকের বেশি সময়ের মধ্যে প্রথম বার উত্তর কোরিয়ার সেনাসদস্যদের রেশন কমানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ মাসে একটি খবর ছাপা হয়, যেখানে কৃষি বিষয়ে দেশটির ক্ষমতাসীন দলের একটি ‘জরুরি’ বৈঠকে বসার পরিকল্পনার কথা জানানো হয়। ঐ খবরের ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় থেকে বলা হয়, উত্তর কোরিয়া কার্যত তাদের গুরুতর খাদ্যসংকটের কথা স্বীকার করে নিয়েছে। দেখে মনে হচ্ছে, তাদের খাদ্য পরিস্থিতি আরও নাজুক হয়েছে। মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, তারা এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য নিশ্চিত হতে পারেনি। তবে তারা এবং অন্যান্য সংস্থা পরিস্থিতির ওপর নজর রাখছে।

বন্যার মতো নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর কোরিয়ায় গত কয়েক দশক ধরেই খাদ্যসংকট চলছে। দেশটিতে নব্বইয়ের দশকে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটির ওপর নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও রয়েছে, যা উত্তর কোরিয়ার অর্থনীতিকে ভেঙে ফেলেছে। বুধবার দক্ষিণ কোরিয়ার ডঙ্গা ইলবো পত্রিকার খবরে ঊর্ধ্বতন এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ২০০০ সালের পর এই প্রথম উত্তর কোরিয়া তাদের সেনাসদস্যদের রেশনে কাটছাঁট করেছে। 

গত মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক মনিটরিং গ্রুপ ৩৮ নর্থ-এর পক্ষ থেকে বলা হয়েছিল, ‘উত্তর কোরিয়ার খাদ্যপ্রাপ্যতা খুব সম্ভবত মানুষের ন্যূনতম চাহিদার চেয়েও নিচে নেমে গেছে। ১৯৯০ সালের দুর্ভিক্ষের পর সেখানে খাদ্য নিরাপত্তা সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে।’

ইত্তেফাক/এমএএম