জমি কেনার নামে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আব্দুল হালিম ও ইয়াসমিন আক্তার। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঐ দম্পতি জমি কিনবেন বলে বিক্রেতা বা দালালকে বাসায় ডেকে এনে জিম্মি ও মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেন।
গতকাল এসব তথ্য জানান মিরপুর মডেল থানার ওসি মোহম্মদ মহসীন।
তিনি বলেন, বিল্লাল হোসেন নামে এক জনের জমি কেনার জন্য যোগাযোগ করেন আব্দুল হালিম। পরে তিনি মানিকগঞ্জের সিংগাইর এলাকায় কৃষিজমি দেখে তা পছন্দ হয়েছে জানান। তবে মূল ক্রেতা ঢাকার মিরপুরে থাকার তথ্য জানিয়ে তার সঙ্গে বসে বাকি আনুষ্ঠানিকতা সারার প্রস্তাব দেন। এজন্য বিল্লালকে মিরপুরে যেতে বলেন হালিম। পরে মোবাইল ফোনে এক নারী ক্রেতার সঙ্গে কথা বলেন বিল্লাল। কিন্তু ক্রেতারূপী সেই নারী ছিলেন প্রতারক হালিমের স্ত্রী ইয়াসমিন। ক্রেতা ভেবে ভুক্তভোগী বিল্লাল মিরপুরে ইয়াসমিনের বাসায় গেলে বাসায় থাকা চার জন তাকে মারধর করে বেঁধে ফেলেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সঙ্গে থাকা সাড়ে ৭ হাজার এবং বাসায় ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আরো ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন তারা। ভুক্তভোগী মিরপুর মডেল থানায় মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ঐ দম্পতিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দম্পতি আরও একবার একইভাবে প্রতারণা করে গ্রেফতার হয়ে কারাভোগ করেছিলেন।
