কলমাকান্দায় ৩ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪১

কলমাকান্দায় ৩ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে কলমাকান্দা উপজেলার সিধলী বাজার থেকে আটকের পর শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

আটককৃতরা হলেন, নাটোরের বাগাতিপারা উপজেলার রহিমানপুর গ্রামের মো. সুমন আহমেদ (৪০), একই জেলার গুরুদাসপুর উপজেলার শিধুলী গ্রামের সমিউল হারুন (২৭) ও রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. আসমত আলী (৩৩)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক যুবককে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তিন যুবক। তাদের আচরণ সন্দেহ মনে হলে তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। 

কৈলাটী ইউনিয়নের চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন বলেন, আটককৃত ৩ জন রংছাতির এক যুবককে আব্বাস নগর থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসে সিধলী বাজারে। সিধলীতে নিয়ে এসে সিএনজি চালিত অটোরিকশায় ওঠানোর সময় ওই যুবকের চিৎকারে লোকজন জড়ো হয়। বিষয়টি এলাকাবাসীর সন্দেহজনক মনে হয়। তখন ডিবি পুলিশ পরিচয়ধারীদের কাছে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তারা কোন পরিচয়পত্র দেখাতে পারেনি। তখনি উপস্থিত লোকজন তাদের ওপর চড়াও হয়। 

তিনি আরও বলেন, পরিস্থিতি খারাপ হবে ভেবে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজন ছেলেকে ওই তিনজনের পক্ষ নিতেও দেখেছি। ঘটনার পেছনে বড় কিছু লুকিয়ে আছে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে। 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, ওই তিন যুবক আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এলাকার কয়েকজনের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদার দাবিতে কয়েকজনকে মারধর করেছে। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এআই