দাদিকে গুলি করলো ৬ বছরের শিশু! 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩১

ছয় বছর বয়সী এক শিশু চলন্ত গাড়িতে পেছন থেকে তার দাদিকে গুলি করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। 

নর্থ পোস্ট পুলিশ ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুটি তার ৫৭ বছর বয়সী দাদির বন্দুক গাড়ির পেছনের সিটে দেখতে পায়। এরপর ওই শিশু তাকে (দাদি) পিঠের নিচের দিকে গুলি করে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবদ্ধ অবস্থায় ওই নারী গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছায় এবং জরুরি সেবায় ফোন দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানায় তিনি শঙ্কামুক্ত। 

নর্থ পোস্ট পুলিশ ডিপার্টমেন্ট আরও জানায়, নর্থের শিশু সুরক্ষা কেন্দ্রে শিশুটির একটি সাক্ষাত্কার নিয়েছে। জড়িত অন্য সব পক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিশুটির দাদি জানান, তার নাতনি দুর্ঘটনাবশত তাকে গুলি করেছে।  

পুলিশ প্রধান টড গ্যারিসন একটি বিবৃতি জারি করেন এবং বলেন, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঘটনাটি শিশুটি ও তার দাদির জন্য আরও খারাপ হতে পারতো। পুলিশ শিশুটি এবং জড়িত ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার পর জানায় গুলির ঘটনাটি আকস্মিক ছিল।

ইত্তেফাক/এএএম