৩ দিনেও দেশে আসেনি বাংলাদেশি যুবকের লাশ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২০

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে শাহাবুল হোসেন বাবু নামে এক যুবক নিহত হওয়ার তিন দিন পার হলেও এখনও তার লাশ দেশে আনা যায়নি। এতে করে নিহতের বাবা, মা ও স্ত্রীসহ স্বজনরা উৎকন্ঠার মধ্যদিয়ে দিন পার করছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে হিলি সীমান্তের ৩০০ গজ ভারত অভ্যন্তরে গুলিতে নিহতের এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, শুক্রবার সন্ধ্যায় মেয়ের খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বের হয় বাবু। এরপর সীমান্তে ধরন্দা এলাকার ২৮৫/২৫নং সাব-সীমানা পিলারের পাশদিয়ে ভুলবশত ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে বাবু। এসময় বিএসএফ বাবুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাবু নিহত হন।

ভারতের বাবুর লাশ।ছবি: ইত্তেফাক

নিহতের বাবা আবুল হোসেন জানান, আমার ছেলেকে বিএসএফ গুলি করে হত্যা করেছে-এমন খবর পেয়ে শুক্রবার রাত থেকেই স্থানীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি এবং লিখিত আবেদন করি আমার ছেলের লাশ ফেরত এনে দেওয়ার জন্য। কিন্তু ছেলের লাশ এখন ভারতের পুলিশের হেফাজতে পড়ে আছে। ছেলের লাশ দ্রুত দেশে ফিরে আনতে সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম জানান, ঘটনায় প্রথমে নিহতের যুবকের পরিচয় জানা না গেলেও পরে বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

ইত্তেফাক/আরএজে