‘তুরস্কের দেওয়া ত্রাণই তুরস্ককে পাঠালো পাকিস্তান’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪০

ভয়াবহ বন্যার সময় পাকিস্তানে ত্রাণ পাঠিয়েছিল তুরস্ক। এবার ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সেই ত্রাণ পাঠিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এক সাংবাদিকের বরাত দিয়ে ভারতের জিনিউজ জানিয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষ ত্রাণের বাক্স বাইরে থেকে বদলালেও ভেতরে দেওয়া বাক্সগুলো পরিবর্তন করতে ভুলে গিয়েছিলেন। এর ফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে কনস্যুলেট জেনারেল। এ ঘটনায় দেশটির গণমাধ্যমগুলো হতাশা প্রকাশ করেছে।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের দুই দিন পর শেহবাজ ও তার পররাষ্ট্রমন্ত্রীর তুরস্ক ভ্রমণ করার কথা ছিল। কিন্তু অর্থনৈতিক এ সংকটের সময় জনগণের অর্থ ব্যয় করে আন্তর্জাতিক ভ্রমণের এ পরিকল্পনা সমালোচিত হয় পাকিস্তানে।

এ ঘটনা প্রকাশ্য আসায় নতুন করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলো পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের কথা থাকলেও আঙ্কারার পরামর্শে তা বাতিল করতে হয়।

ইত্তেফাক/এএইচপি