অনলাইন ক্যাসিনোর ‘গডফাদার’ সেলিম প্রধানের জামিন বাতিল

  • চার মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৪

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় অনলাইন ক্যাসিনোর ‘গডফাদার’ মো. সেলিম প্রধানকে বিশেষ জজ আদালতের দেওয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ থেকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বদলিকৃত আদালতের বিচারককে রেকর্ড পাওয়ার চার মাসের মধ্যে মামলার বিচার শেষ করতে বলা হয়েছে। এ সংক্রান্ত ডিভিশন মামলার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দেন।

এদিকে সেলিম প্রধানকে জামিন প্রদানকারী ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান হাইকোর্টে ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। এর পরেও যদি জামিন প্রদান নিয়ে ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা চাই। উচ্চ আদালত যেভাবে নির্দেশনা দেবে ভবিষ্যতে সেভাবেই মামলা পরিচালনা করব। বিশেষ জজ আদালতের বিচারকের এই ব্যাখ্যা গ্রহণ করেছে হাইকোর্ট। পাশাপাশি সেলিম প্রধানের জামিন বাতিল করে দিয়েছে আদালত। হাইকোর্টে দুদকের পক্ষে খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

গত ৩১ জানুয়ারি দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও ফাতেমা খানম নীলুর অভিযোগের প্রেক্ষিতে জজ আল আসাদ মো. আসিফুজ্জামানের কাছে ব্যাখ্যা চেয়েছিলো হাইকোর্ট। কোন যুক্তিতে বিচারের মাঝপথে এসে এরকম দুর্ধর্ষ একজন আসামিকে জামিন দেওয়া হয়েছে সেজন্য ব্যাখ্যা তলব করে আদালত।

প্রসঙ্গত, প্রায় ৫৮ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২২ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় ২০১৯ সালের ৩ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। মামলায় বিচারের শুরু থেকে একাধিকবার জামিন চেয়েও পাননি জামিন। কিন্তু গত ১৩ ডিসেম্বর সেলিমকে জামিন প্রদান করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। যখন আসামিকে জামিন দেওয়া হয় তখন ওই মামলার ২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে। পাশাপাশি দুই সপ্তাহ পূর্বে বিশেষ জজ আদালতের বিচারক জামিন আবেদন খারিজ করে দেন।

যেখানে তিনি বলেছেন যে, জামিন পেলে আসামি পলাতক হবেন। সেখানে দুই সপ্তাহ পর কিভাবে এই দুর্ধর্ষ আসামির জামিন মঞ্জুর করেন সে নিয়ে হাইকোর্টে অভিযোগ করে দুদক। যার প্রেক্ষিতে হাইকোর্ট সেলিম প্রধানের জামিন বাতিল প্রশ্নে রুল জারি করে। 

ইত্তেফাক/এএএম