গুলশানে আগুন: ১১ তলা থেকে ৩-৪ জনের লাফ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০০

রাজধানীর গুলশান -২ এ একটি ১২ তলা ভবনের সপ্তম তলায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দৈনিক ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভবনটির ১১ তলা থেকে ৩-৪ জনকে লাফ দিয়ে নিচে পড়তে দেখা গেছে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজনকে উদ্ধারের আশায় জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইউনিট বাড়ানো হয়েছে। ৯টি ইউনিট কাজ করছিল। আরও ৪টি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়েছে। এগুলোসহ মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত ওই ভবন থেকে ১ নারীসহ ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

ছবি: সংগৃহীত

ঘটনাস্থল থেকে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

ইত্তেফাক/এএএম