ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক সাজ্জাদুল হক (৬৬) নিহতের ঘটনায় গৌরীপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের ছেলে আতাউর রহমান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে এ মামলা করে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে এ ঘটনা ঘটে। গৌরীপুর থানা পুলিশ এই ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরীপুর উপজেলার পাঁচাশি এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে সিরাজুল ইসলাম, আরশেদ আলীর দুই ছেলে রুমান ও আবু কাউসার।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পাঁচাশি গ্রামের শাহারিয়ার কবির শিমুলের বাড়ির সামনে শিবপুর-পাঁচাশি রাস্তার ওপর পিডিবি’র বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে নিহত সাজ্জাদুলের ওপর দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার ওসি মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
