বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে ফল ও সবজি আমদানি করার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
সংযুক্ত আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল মিহিরের সম্মানে ঢাকায় মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমকে সংযুক্ত আরব আমিরাত সফরের আহ্বান জানান সেদেশের প্রতিমন্ত্রী।
বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে সে দেশের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার আয়োজন করা হবে বলেও জানান সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী।
মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয়ে, বিশেষ করে কৃষি, পশুপালন, মৎস্য, কৃষি প্রক্রিয়াজাতকরণসহ খাদ্য নিরাপত্তা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাদ্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। উভয় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ফেব্রুয়ারি মাসের সংযুক্ত আরব আমিরাত সফরকে একটি সফল সফর হিসেবে উল্লেখ করে সেসময়ে স্বাক্ষরিত বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক সমঝোতা চুক্তিগুলো বাস্তবায়নের ওপর জোর দেন।
ইত্তেফাক/এমআই
