সিদ্ধান্ত বদলে মৃত্যু!

আতসুর মরদেহ ফিরল ঘানায়

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০

কার মৃত্যু কখন, কোথায়, কীভাবে হবে-তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তবে তার মৃত্যুর আগের ঘটনাপ্রবাহ জেনে এতটুকু আক্ষেপ তো মনের মধ্যে চলেই আসে। সিদ্ধান্ত বদল না করলে ক্রিস্টিয়ান আতসু হয়তো এখন বেঁচে থাকতেন! দুনিয়ার বাতাসে নিঃশ্বাস নিতেন, হাঁটাচলা করতেন!

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছেন ঘানার সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান আতসু। প্রথমে অবশ্য তাকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করার খবর ছড়িয়ে পড়েছিল। খুশির সেই সংবাদটিকে ‘ভুয়া খবর’ প্রমাণিত করে ভূমিকম্পের ১১ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এখন জানা যাচ্ছে, গত ৬ ফেব্রুয়ারির ঐ ভয়াবহ ভূমিকম্পের দিন ক্রিস্টিয়ান আতসুর তরস্কে থাকারই কথা ছিল না! পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এবং কয়েকটা দিন একসঙ্গে কাটাতে ফ্রান্সের প্যারিসে যাওয়ার কথা ছিল তার। প্যারিসে যাওয়ার জন্য বিমানের টিকিটও বুক করেছিলেন এভারটন, চেলসি, নিউক্যাসলের সাবেক ফুটবলার আতসু। কিন্তু শেষ মুহূর্তে প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। বুকিং দেওয়া বিমানের টিকিট বাতিল করে থেকে যান তুরস্কেই। আর সেই সিদ্ধান্ত বদলই কাল হয়েছে।

তার ক্লাব হাতায়স্পোর জানিয়েছে, ক্লাবের হয়ে পরের ম্যাচটি খেলার জন্যই প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত বদলে তুরস্কেই থেকে যান তিনি!  সিদ্ধান্ত বদলে আতসু তো না ফেরার দেশে চলে গেছেন। তবে তার এই সিদ্ধান্ত বদলের ঘটনা তার পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের জন্য আজীবনের আক্ষেপের কারণ হয়ে রইল। আক্ষেপ করছে তুর্কি ক্লাব হাতায়স্পোরও। তার পরিবারের সদস্যরা সেই আক্ষেপ নিয়েই প্যারিস থেকে পাড়ি জমিয়েছে দেশ ঘানায়। 

তুরস্ক থেকে আতসুর মরদেহ ঘানায় নিয়ে যাওয়া হয়েছে। পরশু সন্ধ্যায় আতসুর মরদেহ তুরস্ক থেকে ঘানার রাজধানী আক্রায় গিয়ে পৌঁছায়। পরে আক্রা থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় জন্ম শহর আদা ফোয়াহ! আটলান্টিক মহাসাগরে পতিত ভলটা নদীর তীরে অবস্থিত স্নিগ্ধ-সুন্দর শহর আদা ফোয়াহতেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

ইত্তেফাক/এসএস