ভটভটি উল্টে প্রাণ হারালেন চালক, ব্যবসায়ী আহত 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৩

জয়পুরহাটের কালাইয়ে দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সাঁতার ও কুসুমসাড়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহত মোমিন উদ্দীন  (৪৮)  কালাই উপজেলার হাতিয়র গ্রামের মৃত ফকির উদ্দীনের ছেলে।

আহত মোস্তফিজুর রহমান মস্তো (৪৫) একজন মৎস্য চাষী। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক)  হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে কালাই থানার ওসি  এসএম মঈনুদ্দিন জানান,  উপজেলার হাতিয়র গ্রামের বাসিন্দা মোমিন উদ্দীন শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে মোস্তফিজুর রহমান মস্তো মাছ বিক্রির উদ্দেশ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে পাঠানপাড়া-বৈরাগীরহাট সড়কের সাঁতার-কুসুমসাড়া এলাকায়  পৌঁছে ভটভটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে  চালক মোমিন উদ্দীন ও  মৎস্য চাষী মোস্তফিজুর রহমান মস্তো গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. মো.রেজাউল করিম ভটভট চালককে মৃত ঘোষণা  করেন।

গুরুতর আহত মৎস্য চাষীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান  এ পুলিশ কর্মকর্তা। 

ইত্তেফাক/আরএজে