ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) আন্তজার্তিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়িতে ভিড় করেছে শতশত মানুষ।
মঙ্গলবার প্রথম প্রহরে আগেই ভাষা শহীদের বাড়ি সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা কানায় কানায় ভরে যায়।
রাত ১২টা ১মিনিটে শহীদ বেদীতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ এবং এরপর একে একে গফরগাঁও প্রেসক্লাব. সূর্যসারথি খেলাঘর আসরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ অর্পন করে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভাষা শহীদের গ্রাম জব্বার নগরের বিভিন্ন রাস্তায় প্রভাত ফেরি করে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মীরা শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদ বেদিতে পুস্পস্তবকবক অর্পন করে।
উপজেলা প্রশাসন মঙ্গলবার সকালে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থগার ও যাদুঘর প্রাঙ্গণে ভাষা সৈনিকদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত,নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে সূর্যসারথি খেলাঘর আসর, মুক্তপায়রা খেলাঘর আসর, শিকদার সঙ্গীত একাডেমি, গফরগাঁও থিয়েটার, প্রতিভা সংগীত একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠী ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
এদিকে, একুশের প্রথম প্রহরেই সোমবার দিবাগত রাতে উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশ মানুষ উপস্থিত হয়ে আব্দুল জব্বারেসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধার জানায়।
