কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ সিংহী টুম্পা অবশেষে মারা গেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন ১৫ বছর বয়সী সিংহী ‘টুম্পা’ মারা যায় বলে জানিয়েছেন পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম।
তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম, বার্ধক্যজনিত রোগের কারণে সিংহী টুম্পার মৃত্যু হয়েছে। প্রায় দুই মাস যাবত টুম্পাকে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছিল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পার্কে কর্মরত ভেটেরিনারি কর্মকর্তার তত্ত্বাবধানে টুম্পার ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানানো যাবে।
তিনি আরও বলেন, বর্তমানে ১-৪৫ বছর বয়সী ৪ হাতি পার্কে রয়েছে। টুম্পা মারা যাবার পর আরও ২ সিংহী ও ১ সিংহ রয়েছে। অন্যান্য প্রজাতির প্রাণীগুলো সুস্থ রয়েছে। নিয়মিত পরিচর্যা ও পর্যাপ্ত খাদ্য দেওয়া হচ্ছে প্রাণীগুলোকে।
জানা যায়, গত ১ বছরে চার সিংহ ও দুটি হাতি মারা যায় সাফারি পার্কে। গত বছরের ৩০ ডিসেম্বর বার্ধক্য ও পিত্তথলিতে আড়াই কেজি ওজনের পাথর জমে মৃত্যু হয় ৮৬ বছর বয়সী ‘রঙ্গমালা’ নামক হাতির। একই বছরের ২৮ নভেম্বর ৩২ বছর বয়সী ‘সৈকত বাহাদুর’ নামক হাতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
এছাড়া বার্ধক্যজনিত রোগে গত বছরের ২৩ ফেব্রুয়ারি মারা যায় ২২ বছর বয়সী সিংহ ‘সোহেল’। গত বছরের ২২ এপ্রিল ‘ফিলাইনলিউকিমিয়া’ ভাইরাসে মারা যায় ১০ বছর ৮ মাস বয়সী সিংহী ‘নদী’। চলতি বছরের ৩১ জানুয়ারি এনাপ্লাজমা ও বিউবমিয়া স্পিসিসে আক্রান্ত হয়ে মারা যায় ১৬ বছর বয়সী সিংহ ‘রাসেল’। একই রোগে মারা গেছে সিংহ রাসেলের ১৫ বছর বয়সী বোন সিংহী ‘টুম্পা’।
সিংহ ও হাতি মৃত্যুর বিষয়ে পার্কের তত্ত্বাবধায়ক বলেন, প্রতিটি প্রাণী অসুস্থ হলে সুস্থ করে তুলতে বিশেষজ্ঞদের নিয়ে মেডিক্যাল টিম গঠন করা হয়। যেগুলো মারা গেছে তাদের সুস্থ করতে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছে মেডিক্যাল টিম। তারপরও বার্ধক্য ও জটিল রোগে আক্রান্ত হয়ে ৬টি প্রাণী মারা যায়। অনেক চেষ্টা করেও টুম্পাকে সুস্থ করতে পারেনি মেডিক্যাল টিম।

