চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৭

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বোগদাদ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে চাঁদপুর থেকে বোগদাদ পরিবহনের বাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ধুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হন। আহত যাত্রী চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিব বেপারী (২৪), একই উপজেলার বড়দিয়া আড়ং বাজার এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মাহাবুব প্রধানিয়া (৫০), চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪০)। আহত হয়েছেন সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার মো. জাহিদ হোসেন (২২)।  

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহত যাত্রীদের মরদেহ এখনো ঘটনাস্থলে আছে। তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। একজন যাত্রীকে আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও বাস ঘটনাস্থলে। ঘটনার পর বাস ও অটোরিকশার চালক পালিয়েছেন।

ইত্তেফাক/কেকে