রাজশাহীতে ইট বোঝাই বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় সাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ভদ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেনের (৫৫) বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামে। তিনি সাইকেলে ঝুঁড়িতে করে মুরগির ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিউ সেঞ্চুরী নামের একটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় মুরগির ব্যবসায়ী বাসটিকে ওভারটেক করার সময় পেছনের বেপরোয়া গতির ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে নিয়ে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটার্মিনাল না হলেও নগরীর ভদ্রার মোড়ে একপাশ থেকে অর্ধেক সড়ক দখল করে বাস দাঁড় করিয়ে রাখে পরিবহন শ্রমিকরা। এ কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। বাস শ্রমিকদের নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিকারের যেন কেউ নেই।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিম্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে থানায় মামলা হবে।
