পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, নিহত ১০

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৫

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বাহিনীর গুলিতে অন্তত ১০২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২২ ফেব্রুয়ারি) পশ্চিম তীরের নাবলুসে এই অভিযান চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এই এলাকায় নিয়মিত অভিযান চালায়।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের মন্ত্রণালয়ের মতে, বুধবার নিহত ১০ ফিলিস্তিনি হলেন, আদনান সাবে বারা (৭২), মোহাম্মদ খালেদ আনবৌসি (২৫), তামের মিনাভি (৩৩), মুসাব ওয়াইস (২৬), হোসাম ইসলাম (২৪), মোহাম্মদ আবদুলগানি (২৩), ওয়ালিদ দাখিল (২৩), আব্দুলহাদী আশকার (৬১), জাসের আবদেলওয়াহাব কানের (২৩) ও মোহাম্মদ ফরিদ শাবান (১৬)।

স্থানীয় সময় সকাল দশটায় ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকটি সাঁজোয়া যান ও বিশেষ বাহিনীর সদস্যরা নাবলুসে অভিযান শুরু করলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। হোসাম ইসলাম নামে এক পলাতক ফিলিস্তিনি যোদ্ধার বাড়ি ঘেরাও করার আগে ইসরায়েলি সেনাবাহিনী শহরের সব প্রবেশ পথ বন্ধ করে দেয়। এর পরিণতি স্পষ্টভাবে জানা যায় না।

স্থানীয় সময় সকাল দশটায় ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকটি সাঁজোয়া যান ও বিশেষ বাহিনীর সদস্যরা নাবলুসে অভিযান শুরু করলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

লায়ন্স ডেন সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযান চলাকালীন ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। সঙ্গে ছিল বালাটা ব্রিগেডস গ্রুপ। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, নাবলুসে নিরাপত্তা বাহিনী কাজ করছে। এর বেশি কিছু জানায়নি তারা।

২০২৩ সালের প্রথম দুই মাসে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। নিহতদের মধ্যে ১২টি শিশুও রয়েছে।

ইত্তেফাক/ডিএস