ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য ড. শেখ আবদুস সালামের কণ্ঠ নকল করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অডিও মাইকে প্রচার করার ঘটনা ঘটেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালের দিকে প্রশাসন ভবনের সামনে মাইকে বাজানো হয় এ অডিও।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, মাইকে অডিও বাজানো একজনের নামে চালানোর কোনো অধিকার নেই। ঘটনার পর পরই মাইক সরানো হয়েছে।
ইবি থানার ওসি আন নূর জায়েদ বিপ্লব বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় এবং তারাই দেখবেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা।
এসময় বিক্ষুব্ধ কর্মচারীরা হৈ হৈ রৈ রৈ, সালাম চোর গেলি কই; শেখ হাসিনার বাংলায়, দুর্নীতির ঠাঁই নাই; শেখ হাসিনার বাংলায়, সালাম চোরের ঠাঁই নাই; সালাম চোরের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এসব স্লোগান দেয়।
আন্দোলনরত অস্থায়ী চাকরিজীবী পরিষদের সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দার বলেন, সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন করব।
এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
