কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে ফের দুই গ্রুপের মাঝে গোলাগুলিতে রোহিঙ্গা ক্যাম্পের এক উপ-নেতা গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুনুর রশীদ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত মোহাম্মদ সলিম (২৮) কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি (সহকারী নেতা) হিসেবে দায়িত্বে আছেন।
৪ এপিবিএন'র অধিনায়ক এডিআইজি জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষ গোলাগুলিতে এক রোহিঙ্গা সাব-মাঝি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে একই দিন (২২ ফেব্রুয়ারি) গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর ১২ ঘণ্টা না যেতেই ফের গোলাগুলির ঘটনায় ক্যাম্পে আতঙ্ক বিরাজ করছে।
